ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব শ্রেণীর মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষানীতির ওপর এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
"প্রস্তাবিত শিক্ষানীতি: জাতীয় অগ্রগতি কোন পথে" শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে
দৈনিক সমকাল।
মন্ত্রী বলেন, "সব শ্রেণীর মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।"
এসব সুপারিশ এ বছর থেকেই বাস্তবায়ন শুরু হবে বলে আবারও ঘোষণা দেন নাহিদ।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৮ এপ্রিল অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০০৯ ঘোষণা করা হয়। কমিটি বুধবার তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
কমিটি প্রাথমিক শিক্ষার স্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছে।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "শিক্ষানীতিতে নারী শিক্ষার জন্য যেসব ধারার কথা বলা হয়েছে, তা জনসাধারণকে জানাতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে বলেন,"শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। নতুবা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যাবে না।"
সাংসদ অধ্যক্ষ শাহ আলম বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয় টাকার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে। এটা সবার আগে বন্ধ করতে হবে।"
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/১৯১৮ ঘ.
bdnews24