জামালপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর শহরের সফি মিয়ার বাজারে চাঁদাবাজি ও দোকান ভাঙচুরের প্রতিবাদে শনিবার ধর্মঘট পালন করেছেন বাজারের ব্যবসায়ীরা।
বাজার কমিটির আহ্বায়ক ডা. এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছেন তারা। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ ছিল।
শুক্রবার বিকেলে চার সন্ত্রাসী বাজারের বিভিন্ন দোকানে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা রাতে বাজারের কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাট করে।
ডা. এম এ জলিল জানান, রিপন, লিখন, রফিক ও শাহজাদা নামের চার সন্ত্রাসী বাজারের দোকান প্রতি দৈনিক এক হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাত ১২টার দিকে ওই চার জনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাজারের ১২টি দোকান ভাঙচুর এবং মালামাল লুট করে।
তিনি বলেন, "এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা রাত একটায় শহরে মিছিল বের করে। পরে ডা. এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।"
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে রাতেই পুলিশ মাঠে নেমেছে।
তিনি জানান, এ ঘটনায় ব্যবসায়ীরা মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24