চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় আগুনে শনিবার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
সকাল ১০টার দিকে বার আউলিয়ায় কবির স্টিল শিপ ইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. আশেক (২০), কুদ্দুস (৩২), মোহাম্মদ হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর (২৮) ও খোকন (২২)।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে কবীর স্টিল শিপ ইয়ার্ডে একটি কোরিয়ান জাহাজ কাটার সময় গ্যাস কাটারে আগুন ধরে যায়। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।"
আহত শ্রমিকদের সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহুর জানিয়েছেন।
চমেক বার্ন ইউনিটের প্রধান ডা. আইয়ূব আলী সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধদের মধ্যে আশেক ও কুদ্দুসের অবস্থা গুরুতর।
তিনি বলেন, কুদ্দুসের শরীরের ৮০ ভাগ এবং আশেকের ৫০ ভাগ পুড়ে গেছে।
এছাড়া হোসেনের শরীরের ২০ শতাংশ, জাহাঙ্গীরের ২৫ শতাংশ ও খোকনের ১৫ শতাংশ পুড়েছে বলে ওই চিকিৎসক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24