ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেন্ট্রাল রোডে এক বৃদ্ধাকে খুনের পর টাকা ও গহনা নিয়ে পালিয়েছে গৃহকর্মী।
সাজেদা আমিন (৭০) নামে ওই বৃদ্ধা শুক্রবার ভোরের দিকে কোনও সময় খুন হন বলে পুলিশ জানিয়েছে। তার স্বামীর নাম মৃত আবু তাহের আমিন।
এনামুল (২৬) নামে এক তরুণ গৃহকর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের ছোট বোন শরীফা মোশতাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিঃসন্তান সাজেদা আমিন তার ৭৫, সেন্ট্রাল রোডের বাড়ির দোতালায় থাকতেন। দোতালা ওই বাড়ির নিচতলায় ভাড়াটিয়া রয়েছে।
এক সপ্তাহ আগে এনামুল (২৬) নামের এক তরুণ গৃহকর্মী নিয়োগ করা হয়।
শরীফা মোশতাক বলেন, "সর্বশেষ বৃহস্পতিবার রাতে সেহরির সময় আপার (নিহতের) সঙ্গে কথা হয়। আমি তাকে আমার বাসায় আসতে বললে তিনি বলেন, কাজের ছেলেটা (এনামুল) সকালে বাড়ি চলে যাবে, এরপর তিনি আমার বাসায় আসবেন বলে জানান।
"তবে শুক্রবার সকালে তার বাসায় বার বার ফোন করেও কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে দুপুরে বাসায় গিয়ে গাড়ির ড্রাইভারকে নিয়ে দরজা ভেঙ্গে ফেলি।
ঘরের টেবিলের সঙ্গে হাত বাঁধা অবস্থায় সাজেদার লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি। তার পা ও মুখও গামছা দিয়ে বাঁধা ছিল।
শরীফা মোশতাক জানান, এনামুল খুনের পর আলমারি থেকে কমপক্ষে ২০ ভরি সোনা ও ৪০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনামুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। এ ঘটনার জন্য এনামুলকেই সন্দেহ করা হচ্ছে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই রফিক মুজতাবা বাদী হয়ে এনামুলকে আসামি করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/১১১৫ ঘ.
bdnews24