কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর দালালীপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমান হবি (২৬) নামে আল্লাহর দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
হবি ইসলামপন্থী জঙ্গি সংগঠনটির প্রধান মতিন মেহেদীর অন্যতম সহযোগী। তিনি কৃষ্ণপুর দালালীপাড়ার শাহাদত আলীর ছেলে। দুই বছরের বেশি সময় ধরে হবি আত্মগোপনে ছিলেন।
র্যাব-৫ রংপুর ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রংপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিকেলে ৫টার দিকে কৃষ্ণপুর দালালীপাড়ার একটি দোকানের সামনে থেকে হবিকে গ্রেপ্তার করে।
তাকে র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ জানায়, ২০০৭ সালের ১৮ এপ্রিল রাতে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকা থেকে আল্লাহর দল প্রধান মতিন মেহেদী তিন সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েন। মতিন মেহেদীর স্বীকারোক্তি অনুযায়ী আরও ৪৪ জন জঙ্গিকে সনাক্ত করে মোট ৪৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়।
২০০৭ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। এতে পাঁচজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
পুলিশ আরও জানায়, এই মামলায় এ পর্যন্ত ১৪ গ্রেপ্তার হয়েছে। জামিনে আছেন ১৬ জন। পলাতক আছেন ১০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24