ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা পুনর্তদন্তের কোনও রকম সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তবে এ বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ থাকলে আলাদাভাবে তার তদন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বিচারিক আদালত থেকে মামলাটি আপিল বিভাগ হয়ে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
"এই অবস্থায় পুনর্তদন্তের প্রশ্নই আসে না। এর কোনও সুযোগও নেই। তবে ষড়যন্ত্রের অভিযোগ থাকলে আলাদাভাবে তদন্ত হতে পারে।"
গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধুকে হত্যার সময় নীরব থাকা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিচার দাবি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এরপর তিনি
তখনকার সেনাপ্রধান সফিউল্লাহসহ অন্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন।
প্রায় দুই বছর পর আগামী ৫ অক্টোবর মামলাটির ডেথ রেফারেন্সের আপিল শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয়েছিল।
তবে বিচারক সংকটের কারণে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত বিচারকাজ শুরু করা যায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৪ জুলাই আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের ফলে এ মামলার আপিল শুনানির পথে বাধা দূর হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
এর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০ জনকে আসামি করে মামলা করা হয়।
১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।
এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের কয়েকজন বর্তমানে দেশে নেই। তাদের ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে স
bdnews24