গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে ডিম আমদানির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গাজীপুরে পোল্ট্রি খামারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনের পর তারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন।
গাজীপুর জেলা শাখা পোল্ট্রি রক্ষা সংগ্রাম কমিটি উদ্যোগে সকাল ১১টার দিকে খামারিরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে মানববন্ধন করে। শতাধিক খামারি ব্যানার ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে মানবন্ধনে অংশ নেয়।
প্ল্যাকার্ডে 'বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই' 'কৃষিমন্ত্রীর পদত্যাগ চাই', 'ভারতের ডিম আমদানি বন্ধ কর, বার্ড ফ্লু মুক্ত থাক' ইত্যাদি লেখা ছিল।
মানববন্ধনে অংশ নেন পোল্ট্রি রক্ষা জাতীয় সংগ্রাম পরিষদের গাজীপুর জেলা শাখার আহবায়ক আব্দুল বারেক সরকার, যুগ্ম আহবায়ক আজাহার উদ্দিন মোল্লা, মো. বাছির উদ্দিন, সদর উপজেলার আহবায়ক মো. আব্দুর রউফ বাবুল, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, সদস্য শাকিল আহমেদ বুলবুল, মো. শরিফ মিয়া, ফজলুর রহমান ফুলন, মো. আকবর আলী প্রমুখ।
পরে সংগ্রাম পরিষদের নেতারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, পোল্ট্রি বিষয়ক কোন সংগঠনের সঙ্গে আলোচনা না করে 'আত্মঘাতী' সিদ্ধান্ত নিয়ে সরকার ভারত থেকে ডিম আমদানি করছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
খামারিরা দাবি করেন, হ্যাচারির মালিকরা বাচ্চার দাম এবং ব্যবসায়ীরা খাদ্যের দাম বাড়িয়ে দেওয়ায় ডিম ও মাংসের উৎপাদন মূল্য বেড়ে গেছে। তারা বয়লার বাচ্চার দাম ২৫ টাকা এবং লেয়ার বাচ্চার দাম ৩৫ টাকার নিচে রাখার দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, ভারত থেকে ডিম আমদানির ফলে দেশে তিল তিল করে গড়ে ওঠা পোল্ট্রি শিল্প মার খাবে। গড়ে ওঠবে ভারতের ডিম ও মাংসের বাজার।
অদক্ষতা ও অনভিজ্ঞতার অভিযোগ এনে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রীর অপসারণও দাবি করা হয় স্মারকলিপিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24