চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ওমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে বৃহস্পতিবার তিন কেজি ওজনের উদ্ধার করা হয়েছে।
ওমান থেকে আসা ওই উড়োজাহাজের একটি আসনের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বিমানবন্দর) নেছার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি প্যাকেটে প্রায় তিন কেজি স্বর্ণ ছিল। প্যাকেটের ভেতরের বেশিরভাগই আংটি, নাক ও কানের দুল।
তিনি জানান, সকাল নয়টায় ডব্লিউ ওয়াই ৮৯৫ নম্বরের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম আসে। যাত্রীরা নেমে যাওয়ার পর ভেতরে পরিষ্কারের সময় পরিচ্ছন্নকর্মীরা ২৪ নম্বর আসনের নিচে চারটি প্যাকেট পড়ে থাকতে দেখেন।
পরে তারা বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের খবর দিলে
নিরাপত্তা ও উর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, পুলিশ ও শুল্ক কর্মকর্তারা সেখানে যান।
নেছার আরও জানান, প্রথমে এগুলোতে বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে সন্দেহে পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে দেখা যায়, সেগুলো আসলে স্বর্ণালংকার।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেছার আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএইচ/১৭৪৪ ঘ.
bdnews24