২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন দাবি তুলবেন না, যা সরকারের জন্য বিব্রতকর: আইনমন্ত্রী

সিডও সনদ বাস্তবায়নে নারী সংগঠনের দাবির মুখে আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার বলেছেন, এমন দাবি তুলবেন না, যা সরকারের জন্য বিব্রতকর হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রীর এ ধরনের বক্তব্যে নারী নেত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডও সনদ বাস্তবায়নে নারী সংগঠনের দাবির মুখে আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার বলেছেন, এমন দাবি তুলবেন না, যা সরকারের জন্য বিব্রতকর হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রীর এ ধরনের বক্তব্যে নারী নেত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয়। 'নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সিডও সনদ' শীর্ষক ওই সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। মহিলা পরিষদসহ দেশের নারী সংগঠনগুলো সিডও সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তবে এর দুটি ধারায় আপত্তি জানিয়ে বাংলাদেশ তা পুরোপুরি বাস্তবায়ন করেনি। আইনমন্ত্রী বলেন, "সিডও সনদ পুরো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কাছে আপনারা এমন কোনও দাবি তুলবেন না, যাতে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে এর বাইরে যে কোনও বৈষম্যমূলক আইন বিলোপের জন্য সরকার ব্যবস্থা নেবে।" আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃত নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সিডও সনদের ২ এবং ১৬ (১) এর গ ধারায় সংরক্ষণ আরোপ করায় এই ধারা অনুযায়ী প্রচলিত আইনে নারীর প্রতি বৈষম্যমূলক ধারার সংশোধন এবং বৈবাহিক জীবনে নারী-পুরুষ সমান অধিকার পাচ্ছে না। আইনমন্ত্রী অবশ্য বলেছেন, ২ নম্বর ধারা মেনে নিতে সরকারের নীতিগতভাবে আপত্তি নেই। শফিক বলেন, "আপনারা বস্তির নারীদের নিয়ে কাজ করুন। ফুটপাতের নারীদের নিয়ে কাজ করুন। তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। এর পক্ষে কাজ করুন।" মন্ত্রীর এমন বক্তব্যে সভায় উপস্থিত নারী নেত্রীদের কেউ কেউ প্রতিবাদও জানান। আইনমন্ত্রী বলেন, "সংবিধানের পরিবর্তে অন্যকিছু হয়ে গেছে রাষ্ট্র পরিচালানার মূলনীতি। এ জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা করা দরকার ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে তা করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না, এ বিষয়ে সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন রইলো। আপনার এর জবাব দেবেন।" তিনি আরও বলেন, "অসাংবিধানিক উপায়ে এদেশের সংবিধান যখন পরিবর্তন করা হয়েছে, তখন সুশীল সমাজের কেউ এর প্রতিবাদ করেনি। কেউ এর বিরুদ্ধে আঙ্গুল তুলেননি। এ বিষয়টা আমাদের জন্য লজ্জার।" মহিলার পরিষদের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য পাঠ করেন রেখা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর ৩ সেপ্টেম্বর সিডও দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ কর্তৃক পুরুষের সমান পর্যায়ে নারীর মানবাধিকার আদর্শগত ধারনাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক সিডও সনদ বা নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন সনদ পরিগৃহীত হয়, যা এ পর্যন্ত ১৮৭ টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়েছে। বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর কিছু ধারা সংরক্ষণ সাপেক্ষে সিডও সনদ অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭২০ ঘ.