২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ১৭ আগস্ট মামলায় ৬ জনের যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় শেরপুরে দায়ের করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরপুরের সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. মুরশিদ আলম এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 06:49 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

শেরপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় শেরপুরে দায়ের করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরপুরের সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. মুরশিদ আলম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) ঢাকা বিভাগীয় কমান্ডার (অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত) সালাহউদ্দিন ওরফে সালেহীন (৪০), জেএমবি'র শেরপুর জেলা কমান্ডার মুজাহিদুল ইসলাম সুমন (২৭), তার ভাই নাজমুল হাসান রুমান (৩৫), আব্দুল মান্নান (৩৮), রফিকুল ইসলাম (২০), মোস্তাফিজুর রহমান ওরফে জাহিদ ওরফে লিংকন (৩৫)। এদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিতে না পারলে তাদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে। দণ্ডিতদের মধ্যে মান্নান, রফিকুল ও লিংকন পলাতক। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলো। মামলার অপর আসামি আসামি হুমায়ুন কবির শওকতকে (২২) বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট সকাল ১১টা ৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত জেএমবি'র সদস্যরা একযোগে শেরপুর জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয় চত্বর, শহরের নিউ মার্কেট, নওহাটা এবং গৌরীপুর বাস টার্মিনাল এলাকায় সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর শেরপুরের তৎকালীন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ জেএমবি'র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ নয় জনকে আসামি করে অভিযোগ পত্র দেয়। ২০০৬ সালে বিচারক হত্যা মামলায় শায়খ রহমান ও বাংলাভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ৫৮ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন কুমার পাল মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসমি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.