২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামান্নার লাশের পুনঃময়নাতদন্তের আবেদন পরিবারের

মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক তামান্না হক মনিরার লাশের পুনঃময়নাতদন্তের জন্য তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক তামান্না হক মনিরার লাশের পুনঃময়নাতদন্তের জন্য তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে। বুধবার তার ভাই আহসান উল মুনির আইনজীবী জয়নাল আবেদীনের মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। এতে বলা হয়, তামান্না আত্মহত্যা করেননি। তার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। প্রকৃত তথ্য গোপন করে ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম শামীমা পারভীন ওই আবেদনটির শুনানি গ্রহণ করবেন বলে জানিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন। আবেদনে তামান্নার লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্য কোন হাসপাতালের চিকিৎসক দিয়ে আবারও ময়নাতদন্তের জন্য আদেশ প্রার্থনা করা হয়। গত ২৯ আগস্ট সকালে উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচায় শ্বশুর বাড়ির শয়নকক্ষ থেকে দরজার ছিটকিনি ভেঙ্গে সিলিং ফ্যানে ঝুলন্ত তামান্নার লাশ উদ্ধার করা হয়। ওইদিনই তামান্নার ভাই আহসান উল মুনির বাদি হয়ে স্বামী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ফখরুল ইসলাম, শ্বাশুড়ি সেলিনা বেগম, শ্বশুর ফরহাদ উদ্দিনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের কারণে মারধর ও হত্যার অভিযোগে একটি মামলা করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল ইসলাম আত্মহত্যাজনিত কারণে তামান্নার মৃত্যু হয়েছে উল্লেখ করে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন। অভিযুক্ত সেলিনা বেগম কারাগারে, ফরহাদ উদ্দিন জামিনে ও ফখরুল ইসলাম কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএইচ/২২৪৮ ঘ.