ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বুধবার আরও ১২ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এইচ১এন১ নামের এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৯-এ।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তবে এখন আর আক্রান্তের সংখ্যা গণনা জরুরি নয় মন্তব্য করে তিনি বলেন, "রোগের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সচেতন হতে হবে।"
"রোগটি প্রতিরোধ ও মোকাবেলা করতে আমরা ব্যবস্থা নিচ্ছি।"
প্রাণঘাতী এ রোগটি গত এপ্রিলে মেক্সিকোয় প্রথম ধরা পড়লেও বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত জুন মাসে। গত রোববার দেশে এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মিতা চক্রবর্তী মারা যান। এটাই দেশে এ রোগে প্রথম কারও মৃত্যু।
সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায় (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে জানিয়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, মহামারী পর্যায়ে না পৌঁছালেও এটা তার আগের অবস্থান।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বে এ পর্যন্ত এ রোগে ২ হাজার ১৮৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি।
উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের ভাইরাস ছড়ায়। রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এসএইচ/১৬১৬ ঘ.
bdnews24