পঞ্চগড়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীদের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন।
সংঘর্ষের সময় পাথরে উত্তোলনের কয়েকটি মেশিন ভাঙচুর এবং কয়েকটি বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ পাথর শ্রমিকরা দুপুর ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত আমিরুল ইসরাম (৪৫) মাটি খুঁড়ে পাথর উত্তোলনকারী শ্রমিক। তার বাড়ি উপজেলার দেবনগর ইউনিয়নের আটোঘরি গ্রামে।
মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরোধী সাধারণ শ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু অভিযোগ করেন, শ্রমিক বিক্ষোভের মুখেও প্রভাবশালী মহলের সহযোগিতায় মেশিন মালিকরা পাথর উত্তোলন করে চলেছেন। সাধারণ শ্রমিকরা বেকার হয়ে পড়ার আশঙ্কায় ডাহুক নদী এলাকায় বিক্ষোভ করতে গেলে তারা একজনকে পিটিয়ে হত্যা করে।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শাহরিয়ার রহমান একজন শ্রমিক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার জানান, পুর্ব ঘোষণা অনুযায়ী কয়েক হাজার সাধারণ (মাটি খুঁড়ে পাথর উত্তোলনকারী) শ্রমিক সকালে লাঠিসোটা সহকারে মাগুরমাড়ী চৌরাস্তা, বাংলাবান্ধা ও ভজনপুর এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শালবাহান ইউনিয়নের ডাহুক নদী এলাকায় যায়।
ওই এলাকার বালাবাড়ি, মাঝিরপাড়া ও লোহকাঠি এলাকায় মেশিন দিয়ে পাথর তোলা হয়ে থাকে। সাধারণ পাথর শ্রমিকরা মিছিল নিয়ে ওই এলাকায় গেলে মেশিন মালিকদের পক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
তিনি জানান, আহতদের মধ্যে বেসরকারি টেলিভিশন কেন্দ্র চ্যানেল আই'র পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল ও তেঁতুলিয়া বন বিভাগের প্রহরী পঙ্কজ মণ্ডলকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি জানান, সংঘর্ষের সময় সাধারণ শ্রমিকরা ডাহুক নদীতে বসানো ৭টি মেশিন ভাঙচুর করে। তারা ওই এলাকার মেশিন মালিক এবং তাদের লোকজনের কয়েকটি বাড়ি-ঘরেও আগুন লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সাংবাদিক জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা ভজনপুর, বুড়াবুড়ি ও দেবনগরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। তারা বিভিন্ন দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিলও করে। অবরোধের কারণে মহাসড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তারা জানান, বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার শাহরিয়ার রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর হাসান ভূঁইয়া ভজনপুর ডিগ্রি কলেজ মাঠে শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও নদীতে থাকা মেশিন তুলে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৭টায় অবরোধ প্রত্যাহার করে নেয়।
২০০৬ সাল থেকে মাটি কেটে পাথর উত্তোলনকারী সাধারণ শ্রমিকরা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। সা
bdnews24