ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর রেফারেন্সের শুনানিতে অ্যামিকাস কিউরিয়া হিসেবে মতামত দিচ্ছেন ড. কামাল হোসেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি মতামত দেওয়া শুরু করেন। তবে তার বক্তব্য শেষ হওয়ার আগেই ২টার দিকে চতুর্থ দিনের শুনানি শেষ হয়।
বুধবার পঞ্চম দিনের শুনানি শুরু হবে।
এর আগে অপর অ্যমিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম মঙ্গলবার দুপুরে তার বক্তব্য শেষ করেন।
চার দিন বিরতির পর সকাল ১০টার দিকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিচি কিউরিয়াদের মতামত নেওয়া পুনরায় শুরু হয়।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদালতের সহায়তাকারী হিসেবে মোট ১০ জন আইনজীবীর মতামত নিচ্ছেন।
গত ২৫ আগস্ট এ শুনানি শুরু হয়।
টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক ইতোমধ্যে তাদের মতামত তুলে ধরেন।
মাহবুবউদ্দিন ও রফিক উল হক বলেছেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান।
অপর এমিচি কিউরিয়া মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের মতামত জানাবেন।
শুনানি শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন।
শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪০০ ঘ.
bdnews24