মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃস্থ ভাতা হিসেবে পরিচিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য কর্মসূচিতে (ভালনারেবল গ্রুপ ফিডিং - ভিজিএফ) পরিবর্তন আনছে সরকার।
দরিদ্র জনগোষ্ঠী যাতে কাজ করার আগ্রহ হারিয়ে না ফেলে সে জন্য আগামীতে তাদের একটি অংশকে ভিজিএফ-এর চালের জন্য নামমাত্র মূল্য দিতে হবে।
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন সরকারি সাহায্য পাওয়ার কারণে দুঃস্থ জনগোষ্ঠী সরকারের মুখাপেক্ষী হয়ে পড়ছে। তারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছে।
"এ অবস্থা চলতে থাকলে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হবো। সরকার এটা হতে দিতে পারে না। তাই ভিজিএফ কর্মসূচিতে পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।"
মন্ত্রী জানান, ভিজিএফ কর্মসূচিকে ভবিষ্যতে দু'টি ভাগে ভাগ করা হবে। ভিজিএফ-এর চাল পাওয়া জনগোষ্ঠীর একটি অংশ আগের মতোই বিনামূল্যে খাদ্য সাহায্য পাবে। অন্য অংশটিকে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী কিনে নিতে হবে।
এর দাম কেজিপ্রতি সর্বোচ্চ চার থেকে ছয় টাকা হতে পারে বলে তিনি জানান।
দেশের বিপুলসংখ্যক দুঃস্থ বা দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভিজিএফ কর্মসূচি চালিয়ে আসছে। এ কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৯০ লাখ ভিজিএফ কার্ড রয়েছে।
তিনি আরও জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এর সংখ্যা ছিল ৫৬ লাখ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই তা ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। প্রথমে ২৫ লাখ বাড়িয়ে এ সংখ্যা ৮১ লাখে উন্নীত করে সরকার। সম্প্রতি তা ৯০ লাখে উন্নীত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এসকে/২২৩৬ঘ.
bdnews24