ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টেন্ডার নিয়েই বেশি 'ঝামেলা' হচ্ছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, সেখানকার সন্ত্রাসীদের দমনে জোরদার অভিযান চালানো হবে।
সোমবার পুলিশ সদরদপ্তরে এক সভার পর সাংবাদিকদের তিনি বলেন, "দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সন্ত্রাসীদের দমনে আরো জোরালো পুলিশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"ওই অঞ্চলে বিভিন্ন টেন্ডার নিয়েই ঝামেলা হচ্ছে বেশি। তাই চলমান টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে বিকল্প কিছু করা যায় কি না সে ব্যাপারে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।"
আইজিপি জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেড়শ'র বেশি পুলিশ ক্যাম্প করা হয়েছিল। বর্তমানে ক্যাম্পের সংখ্যা কমিয়ে সেগুলোর জনবল বাড়ানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকার পুলিশ ক্যাম্পগুলোকে গাড়ি ও মোটরসাইকেল দেওয়াসহ আধুিনকায়ন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারিও।
মহাসড়কে চাঁদাবাজির কিছু ঘটনার কথা স্বীকার করে সেগুলোকে 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে আখ্যায়িত করেন তিনি।
আইজিপি বলেন, "বৈঠকে হাইওয়েতে পুলিশ, পরিবহন মালিক সংগঠন বা শ্রমিক সংগঠন যারাই চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। হাইওয়ের যে এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাবে সে এলাকার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। যে ধরনের চাঁদাবাজিই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।"
ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের বিষয়ে নূর মোহাম্মদ বলেন, "আইনগতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ তাকে কোনও হয়রানি করছে না।"
আসন্ন ঈদে রাজধানীসহ সারাদেশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা, র্যাবের মহা পরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হকসহ দেশের সব মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/জিএমএ/এজে/এসকে/২১৪২
bdnews24