চাঁদপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে পাঁচ ছাত্রী আহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ও জরাজীর্ণ ভবনের ছাদের অংশবিশেষের পলেস্তারা ধসে পড়ে।
আহত শিক্ষার্থীরা হল- হাসিনা আক্তার (৯), দিনু (৯), মাকসুদা আক্তার (১০), জেসমিন আক্তার (৮), তানজিনা আক্তার (৯)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলা অবস্থায় হঠাৎ করে ছাদের পলেস্তারা ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে।
তিনি বলেন, "ছাত্র-ছাত্রী অনুপাতে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস নিচ্ছি। কর্তৃপক্ষ ভবন মেরামতের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।"
এর আগে রাজধানীর তাঁতীবাজার এবং বরিশালে একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে কয়েক জন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৬ ঘ.
bdnews24