গাজীপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার খাঁ পাড়ায় রোববার দুপুরে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে।
আহতরা হল- খাঁ পাড়ার মান্নানের বাসার ভাড়াটে রিকশাচালক মুজিবুরের মেয়ে নিপা (৯) ও নজরুল ইসলামের ছেলে বাপ্পা (৭)। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসিরউদ্দিন মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে নিপা, বাপ্পা ও রুমা নামের তিন শিশু বাসার সামনের রাস্তার পাশে খেলা করছিল। রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ফাঁকে লাল স্কচ টেপে প্যাচানো তিনটি বস্তু দেখতে পায় তারা।
এগুলো কুড়িয়ে নিয়ে বাসার গলিতে বসে তারা খেলছিল। তারা একটি বস্তুর স্কচ টেপ খোলার চেষ্টা করে না পেরে ছুড়ে মারে। এটি বিস্ফোরিত হলে নিপা পায়ে এবং বাপ্পা মাথায় আঘাত পায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আসলে বস্তুগুলো ছিল কৌটা দিয়ে হাতে তৈরি তাজা বোমা। একটির বিস্ফোরণ ঘটলেও বাকি দুটি অক্ষত ছিল। ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে টঙ্গী থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে বলে তিনি জানান।
টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মালেকা বানু জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24