২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার শিগগির হচ্ছে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে চট্টগ্রাম অংশ জুড়ে অসংখ্য খানা-খন্দক তৈরি হয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এতে গাড়িচালকরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি যানজট সৃষ্টি হয়ে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। ছোট-বড় দুর্ঘটনাও বাড়ছে। আর শিগগিরই এ অবস্থা থেকে পরিত্রাণ মেলার আশার কথাও শোনাতে পারেননি সড়ক বিভাগের কর্মকর্তারা। রুহুল আমিন রানার প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 07:31 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে চট্টগ্রাম অংশ জুড়ে অসংখ্য খানা-খন্দক তৈরি হয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এতে গাড়িচালকরা যেমন বিড়ম্বনায় পেেড়ছন, তেমনি যানজট সৃষ্টি হয়ে নাকাল হতে হচ্ছে অগণিত যাত্রীদের। ছোট-বড় দুর্ঘটনাও বাড়ছে। আর শিগগিরই এ অবস্থা থেকে পরিত্রাণ মিলছে না বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী গ্রীণলাইন পরিবহনের চালক মোহাম্মদ বেলালসহ আরও কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত ৮০ কিলোমিটার অংশে কোথাও কোথাও ৪ থেকে ৫ ফুট পর্যন্ত প্রশস্ত গর্ত তৈরি হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদ আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন করার জন্য এটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। তখন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটিই এর মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। এর আগে বড় ধরনের মেরামতের সম্ভাবনা কম। মহাসড়কের কিছু অংশ ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, মীরসরাই, মিয়ারহাট এবং চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য খানা-খন্দক। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষার শুরুতে সামান্য বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে প্রথমে ছোট গর্ত তৈরি হয়। তাৎক্ষণিক সংস্কারের অভাবে যা পরে বড় হয়ে পড়ে। এর ফলে গর্ত এড়াতে অনেক স্থানেই গাড়িগুলো এক পাশ দিয়ে চলাচল করছে। এতে দেখা দিচ্ছে যানজট। তাছাড়া ক্ষতিগ্রস্ত স্থানে ট্রাক বিকল হয়ে রাস্তা আটকে থাকায় গত একমাসে সাত/দশ ঘণ্টাও গাড়ি চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। যাত্রী দুর্ভোগ ছাড়াও পণ্যবোঝাই ট্রাক যানজটে আটকে পড়ায় চট্টগ্রাম বন্দরমুখী রপ্তানি ও বন্দর থেকে খালাস হওয়া পণ্য যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় দেড়শ কোটি টাকা ব্যয়ে সংস্কারের দুই বছরের মাথায় এ মহাসড়কের পরিস্থিতি প্রতিদিন আরও নাজুক হচ্ছে। সওজ কর্মকর্তা সাইদ আহমেদ বলেন, "বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী রাখতে সড়ক বিভাগ ছোট-খাট মেরামতের কাজ করছে। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় এতদিন বড় মাপের সংস্কারের কাজ শুরু করা যায়নি।" তিনি জানান, মাত্রাতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল করায় সড়কের ক্ষতি হচ্ছে। মহাসড়কে ওজন মাপক যন্ত্র না থাকায় বর্তমানে বেশি মালামাল বহনকারী গাড়ি নিয়ন্ত্রণের উপায় নেই। প্রকৌশলী সাইদ বলেন, "মহাসড়ক চার লেইনে উন্নীত করতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র ডাকা হয়েছে। হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষ হতে আরও দুই মাস লাগতে পারে। বাজেট না থাকায় এর আগ পর্যন্ত ছোট-খাট রক্ষণাবেক্ষণের কাজ ছাড়া বড়মাপের সংস্কারের সম্ভাবনা কম।" গাড়িচালক মোহাম্মদ বেলাল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাঙ্গা ও এবড়ো-থেবড়ো সড়কে গাড়ি চালানো দুষ্কর ও ঝুঁকিপূর্ণ। যানজটে দেরির সময় পুষিয়ে নিতে চালকরা দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে হরহামেশাই দুর্ঘটনা ঘটাচ্ছেন।" তিনি জানান, ছোট কুমিরার কাছে গর্তে পড়ে একটি ট্রাক গত ১০ দিনের বেশি সময় সড়কের এক অংশ দখল করে থাকায় ওই অংশে প্রতিদিন স্বাভাবিক সময়ের চেয়ে একঘণ্টা বেশি লাগছে। গ্রীণলাইন পরিবহনের চট্টগ্রাম শাখার কর্মকর্তা জাহেদ হোসেন বলেন, "রাস্তা খারাপের কারণে বাড়তি সময় লাগায় প্রতিদিন গাড়ির সময়সূচি ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া জ্বালানি খরচও বাড়ছে।" বিগত বিএনপি সরকারের শেষ দিকে এ মহাসড়কের সর্বশেষ বড় মাপের সংস্কার কাজ হয়। এরপর নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ বাড়তে বাড়তে এবার বর্ষায় যা মারাত্মক রূপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.