গাজীপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে পারটেক্্র গ্র"পের চেয়ারম্যান ও বিএনপি দলীয় নোয়াখালীর সাবেক সাংসদ আবুল হাশেমের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলায় হাশেমসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।
গাজীপুর সদর উপজেলার ডগরী নয়াপাড়া গ্রামের মো. ফজলুল হক ফজলু বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন ।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার ৩৫শতাংশ পৈত্রিক জমিতে বাদি বাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছেন। শিল্পপতি আবুল হাশেম ওই জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরে বাদিকে হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যায় আবুল হাশেমের নির্দেশে আম্বার কটন মিলের তত্ত্বাবধায়ক শফি, মোস্তফা, কামাল, আনোয়ার, রফিক, হান্নান, আব্দুল বারেক, আনোয়ার এবং হামিদসহ ৪০-৫০ জন লোক বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাদির বাড়িতে হামলা চালায়। আসামিরা বাদি এবং তার ভাই সুলতান, আলম ও আলালকে লাঠি ও লোহার রড দিয়ে পেটায়। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বাদির স্ত্রী আলেয়া বেগমকে লাঞ্ছিত করে এবং দা দিয়ে তার মাথায় কোপ দেয়। তার গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেনও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24