ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় রাজউক মার্কেটে শনিবার আগুন লাগায় বিমানবন্দর সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ব্যাহত হয়।
আগুনে ওই মার্কেটের দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানায়।
দমকল বাহিনী জানায়, বেলা পৌনে ৩টার দিকে মার্কেটের নিচতলায় একটি কম্পিউটার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উত্তরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার পর উৎসুক লোকজনের কারণে বিমানবন্দর সড়ক দিয়ে গাড়ি চলাচল ব্যাহত হয়। র্যাব-পুলিশের এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।"
এ কারণে বিমানবন্দর সড়কে বিকালে বেশ যানজট দেখা দেয়।
পুলিশ কর্মকর্তা আলতাফ জানান, দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24