২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বিরুদ্ধে ফের তীর মির্জা আব্বাসের

ঢাকার মেয়র মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার প্রতি আবারও অভিযোগের তীর শানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস। তিনি খোকার নাম উল্লেখ না করে বলেছেন, "যিনি নিজেকে শক্তিশালী মনে করেন, দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে আছেন বলে মনে করেন, তিনি আসলে দেশনেত্রীর পক্ষে নন, তার বিরুদ্ধে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার প্রতি আবারও অভিযোগের তীর শানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস। তিনি খোকার নাম উল্লেখ না করে বলেছেন, "যিনি নিজেকে শক্তিশালী মনে করেন, দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে আছেন বলে মনে করেন, তিনি আসলে দেশনেত্রীর পক্ষে নন, তার বিরুদ্ধে।" শনিবার দুপুরে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তি দিবস পালনসহ অন্যান্য কর্মসূচি সফল করতে দলের এক প্রস্তুতি সভায় মির্জা আব্বাস সাদেক হোসেনকে ইঙ্গিত করে করে আরও বলেন, "তিনি নেতৃত্বের জন্য এখন ঘুর ঘুর করছেন। তার নাকি অনেক লোকবল রয়েছে। "যদি তা-ই হয়- দেশনেত্রীকে যেদিন কারাগারে নেওয়া হলো- কেন সেদিন তার লোকবল ঢাকার রাস্তায় নামেনি। সেদিন যদি তারা নামতো শাসকরা নেত্রী খালেদা জিয়াকে কারাগারে নিতে পারতো না।'' সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। এর আগেই মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিএনপিতে সংস্কারপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠলে দলের মধ্যে বিভাজন রেখা তৈরি হয়। তখন খোকা প্রকাশ্যে কোন দিকেই অবস্থান নেন নি। তবে তিনি দলের বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত। ওই সময় দুর্নীতি দমন কমিশন খোকার বিরুদ্ধে মামলা করলেও তাকে কারাগারে যেতে হয়নি। মির্জা আব্বাস আরও করেন, "ওই শ্রেণীটি সরকারের ভেতরে ও দলের ভেতরে সুন্দর অবস্থানে আছেন।" তিনি প্রশ্ন করেন, "তাদের দলের রেখে কিভাবে কর্মসূচি সফল হবে ?'' আব্বাস আরও বলেন, "বিশেষ বিশেষ শ্রেণীর বিরুদ্ধে কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা ও হুমকি আসে। আজও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু কারাগারে বন্দি রয়েছেন।'' নিজের বক্তব্য দিয়েই প্রস্তুতি সভা ত্যাগ করেন মির্জা আব্বাস। মুক্তি পাওয়ার পরই দলের বিভিন্ন কর্মসূচিতে খোকার বিরুদ্ধে সরব হয়ে উঠেন আব্বাস। এর আগে একাধিকবার তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমআই/১৬৫০ ঘ.