২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত বাউল জোয়ার্দার ওরফে বাবুল মেম্বার (৩৮) নিষিদ্ধ সংগঠন গণবাহিনীর নেতা বলে পুলিশ জানিয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

কুষ্টিয়া, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত বাউল জোয়ার্দার ওরফে বাবুল মেম্বার (৩৮) নিষিদ্ধ সংগঠন গণবাহিনীর নেতা বলে পুলিশ জানিয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য। গত পাঁচ দিনে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এনিয়ে অন্তত চার জনের মৃত্যু হলো। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বাবুল মেম্বার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বামন গ্রামে একটি বিলের ধারে 'বন্দুকযুদ্ধে' নিহত হন বলে জানান ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিত্তিপাড়া-পাটিকাবাড়ি সড়ক সংলগ্ন বিলের ধারে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব-১২ এবং পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। "রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাব-পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।" গোলাগুলির একপর্যায়ে 'চরমপন্থীরা' পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে ওসি জানান। তিনি বলেন, "বাবুল গণবাহিনীর শীর্ষ নেতা আজিবর রহমানের প্রধান সহযোগী ছিলেন।" ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রামে। তিনি ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ওসি মতিয়ার জানান, বাবুলের বিরুদ্ধে ইবি থানায় হত্যার অভিযোগে তিনটিসহ এক ডজন মামলা রয়েছে। কুষ্টিয়ায় বুধবার রাতেই পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন দুই সন্ত্রাসী নিহত হয়। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত হয় নিষিদ্ধ সংগঠন গণবাহিনীর আরেক নেতা শাহিনুর রহমান ডাবলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.