২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকাসহ তিন নগরীর আড়াই লাখ ভবন

দেশে রিখটার স্কেলে ৬ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর প্রায় আড়াই লাখ ভবন ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) প্রথম ধাপের আওতায় পরিচালিত এক সাম্প্রতিক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জরিপে ঢাকার তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭৮ হাজার, চট্টগ্রাম নগরীর এক লাখ ৮০ হাজার ভবনের মধ্যে এক লাখ ৪২ হাজার ও সিলেটের ৫২ হাজার ভবনের ২৪ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে রিখটার স্কেলে ৬ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর প্রায় আড়াই লাখ ভবন ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) প্রথম ধাপের আওতায় পরিচালিত এক সাম্প্রতিক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জরিপে ঢাকার তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭৮ হাজার, চট্টগ্রাম নগরীর এক লাখ ৮০ হাজার ভবনের মধ্যে এক লাখ ৪২ হাজার ও সিলেটের ৫২ হাজার ভবনের ২৪ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলার অবস্থা' শীর্ষক এক জাতীয় কর্মশালায় এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের প্রধান এ তিন নগরীর খুব ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে 'হাজুস' নামের অত্যাধুনিক একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। জরিপের ফলাফলকে আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন সিডিএমপির সুনামি, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের ঝুঁকি বিষয়ক জাতীয় উপদেষ্টা এএসএম মাকসুদ কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল বলেন, "গত দেড়শ' বছরে আমাদের অঞ্চলে মাত্র দুই থেকে তিনটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্পের পর দীর্ঘ বিরতি থাকায় বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে।" অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি'র সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জানান, এ জরিপকালে আধুনিক প্রযুক্তি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্ট-লাইন অনুসন্ধান ও সনাক্তকরণে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। "আমাদের দেশে এ ধরনের পুঙ্খানুপুঙ্খ জরিপ এটাই প্রথম", বলেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত এ গবেষণায় কোনও একটি ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ধারণা করতে তিন নগরীর সব ভবন, গ্যাস ও পানি সরবরাহ লাইনের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। জামিলুর রেজা জানান, ডাউকি ফল্টের জন্য সিলেট এবং বঙ্গোপসাগরের প্লেট বাউন্ডারির জন্য চট্টগ্রাম সবচেয়ে ঝুঁকিতে আছে। আর ঘনবসতি ও বহুতল ভবনের কারণে ঝুঁকিতে রয়েছে ঢাকা। প্রস্তুতি দরকার এখনই জরিপে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতির একটি ধারণা পাওয়া গেলেও তা মোকাবেলায় বাস্তবসম্মত প্রস্তুতিতে বিশাল ঘাটতির কথা জানতে পেরেছেন বিশেষজ্ঞরা। অবশ্য সম্প্রতি এমন দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১৬ বছরের পুরানো বিল্ডিং কোড পুরোপুরি কার্যকর করতে কিছু পদক্ষেপ নিয়েছে। এজন্য একটি কার্যাদেশ জারি করার পাশাপাশি বিদ্যমান বিল্ডিং কোড পর্যালোচনা ও যুগোপযোগী করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের কোনও এক সময়ে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিল্ডিং কোডের শর্ত মানতে বাধ্য করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য রাজউক ও সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন জামিলুর রেজা। বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দিতে ভূমিকম্পকে 'স্ট্যান্ডিং অর্ডার অব ডিজাস্টার' (এসওডি) এর অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সিডিএমপির অধীনে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া, যন্ত্রপাতি যোগাড় ও বিতরণের কথা জানিয়ে ভূমিকম্পের মতো 'দৈব' দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন জামিলুর রেজা। তিনি বলেন, দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর সদস্য, দমকলবাহিনী ও উদ্ধারকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে কাজ করবে- সে বিষয়ে দ্রুত দিকনির্দেশনা আসতে হবে। অনুষ্ঠানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, সিডিএমপির অধীনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগকে তল্লাশিকরণ ও উদ্ধার যন্ত্রপাতি দেওয়া হয়েছে। সরকার সম্প্রতি বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যাধুনিক উদ্ধার যন্ত্রপাতি কিনতে অতিরিক্ত ৭০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে ৬২ হাজার সদস্যের একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী দল গঠনের কাজও শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী আরও জানান, ভূমিকম্পে নাগরিক ঝুঁকি হ্রাসে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকা- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে উদ্ধার প্রশিক্ষণ কর্মকাণ্ডের পাশাপাশি নীতি নির্ধারক, পরিকল্পনাকারী, শিক্ষক ও স্কুল শিশুদের মধ্যে পরামর্শমূলক প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, "প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে একটি 'আর্থকোয়েক কন্টিনজেন্সি প্ল্যান' করা হয়েছে এবং এ পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনার জাতীয় পরিকল্পনা ২০০৮-২০১৫ এর খসড়া প্রক্রিয়াধীন আছে। ভূমিকম্প ব্যবস্থাপনার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত করার পর তা অনুমোদিত হবে। " অনুষ্ঠানে ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত স্টিফান ফ্রোয়েন বলেন, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে। তিনি নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্যোগের প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার বিশদ গবেষণার মাধ্যমে তথ্যভাণ্ডার নির্মাণের জন্য সিডিএমপির সাফল্যের প্রশংসা করেন। বাংলাদেশ সরকার, ইউএনডিপি, ডিএফআইডি ও ইউরোপিয়ান কমিশনের যৌথ সহযোগিতায় সিডিএমপি পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/ইসি/এজে/এসএইচ/এসকে/২৩১৬ঘ.