ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ তিনজনকে সংসদীয় কমিটিতে তলবের সিদ্ধান্ত তার একক নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার সন্ধ্যায় কারওয়ান বাজারে জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু স্মরণসভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "এটি সংসদীয় কমিটির সিদ্ধান্ত। আমার একক কোনও সিদ্ধান্ত নয়।"
এইচ টি ইমামের নাম উল্লেখ না করে তিনি বলেন, "তিনি দলের পক্ষে মন্ত্রীর মর্যাদায় আছেন। সংবিধান মেনে তিনি যদি সংসদে গিয়ে বক্তব্য দেন, তাহলে আমরা স্বাগত জানাবো। আর যদি বক্তব্য না দেন, সেটি তার ব্যাপার।"
সুরঞ্জিত আরও বলেন, "কমিটির সিদ্ধান্তের বিষয়ে তার কোন সন্দেহ বা সংশয় থাকলে তিনি প্রসিডিংস ও ক্যাসেট পরীক্ষা করে দেখতে পারেন।"
এইচ টি ইমাম সংসদে না গেলে কী করবেন জানতে চাইলে স্থায়ী কমিটির এ সভাপতি বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে কমিটিই সিদ্ধান্ত নেবে।"
বৃহস্পতিবার দুই বিচারককে অবসরে পাঠানোর বিষয়ের ব্যাখ্যা জানতে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে তলবের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।
ওইদিনই পরে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীর অগোচরেই বিচারকদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।
তবে শুক্রবার এইচ টি ইমাম তার বাসভবনে কয়েকজন সাংবাদিককে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইনসম্মতভাবেই দুই বিচারককে অবসরে পাঠানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এসকে/২২৫২ঘ.
bdnews24