২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গণপিটুনিতে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

হবিগঞ্জে শুক্রবার গণপিটুনিতে এক র‌্যাব সদস্যের মৃত্যুর পর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এ এলিট অপরাধ দমনবাহিনী। মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের নোয়াহাটি গ্রামে শুক্রবার সকালে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী দুই র‌্যাব সদস্যকে মারধর করে। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃত্যুবরণকারী আনসার প্লাটুন কমান্ডার আবুল কাসেম র‌্যাব-৯ এ উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

হবিগঞ্জ, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে শুক্রবার গণপিটুনিতে এক র‌্যাব সদস্যের মৃত্যুর পর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এ এলিট অপরাধ দমনবাহিনী। মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের নোয়াহাটি গ্রামে শুক্রবার সকালে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী দুই র‌্যাব সদস্যকে মারধর করে। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃত্যুবরণকারী আনসার প্লাটুন কমান্ডার আবুল কাসেম র‌্যাব-৯ এ উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার জের ধরে বিকেলে উত্তর নয়াপাড়া গ্রামের আমীর হামজার ছেলে আব্দুল হামিদ (৬০), সানু মিয়ার ছেলে আবু বকর (২২) এবং ছফিউদ্দিনের ছেলে রুবেলকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিকেলে উত্তর নয়াপাড়া গ্রামে দুই ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়। আবুল কাসেম হৃদরোগে মারা যান বলে দাবি করেন তিনি। এর আগে হবিগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, সকালে সাড়ে ১০টার দিকে নোয়াহাটি গ্রামে দুই যুবককে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী দুই র‌্যাব সদস্যকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ, মনতলা ইউপি চেয়ারম্যান ও হবিগঞ্জ থেকে র‌্যাব সদস্যরা এসে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আনসার ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আবুল কাসেম মারা যান। আহত অন্য র‌্যাব সদস্য মুজিবুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে র‌্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে সংস্থার লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, "র‌্যাব-৯ এর একজন সদস্য হবিগঞ্জে নিহত হয়েছেন।" র‌্যাবের উপ-পরিদর্শক মৃত আবুল কাসেম আনসারের প্লাটুন কমান্ডার ছিলেন বলে জানান সিলেট র‌্যাব-৯ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান। আবুল কাসেমের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে। দুই বছর আগে আনসার থেকে তিনি র‌্যাবে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/এমএসবি/এসকে/০০৩০ঘ.