২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে গার্মেন্টেসের নিরাপত্তা প্রহরীকে গুলি করে বিকেলে চাঁদা দাবি

রাজধানীর একটি গার্মেন্টেসে সকালে নিরাপত্তা প্রহরীকে গুলি করে বিকেলে কর্মকর্তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে রাজধানীর কাফরুল থানার পুলিশ স্টাফ কলেজের উল্টোদিকে লোড স্টার ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টেসে সন্ত্রাসীরা নিরাপত্তা প্রহরী মোঃ জালালকে (৩৮) গুলি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি গার্মেন্টেসে সকালে নিরাপত্তা প্রহরীকে গুলি করে বিকেলে কর্মকর্তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে রাজধানীর কাফরুল থানার পুলিশ স্টাফ কলেজের উল্টোদিকে লোড স্টার ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টেসে সন্ত্রাসীরা নিরাপত্তা প্রহরী মোঃ জালালকে (৩৮) গুলি করে। তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাপত্তা কর্মীকে গুলির পরে প্রথমে গার্মেন্টস কর্তৃপক্ষ ঘটনাটির কোন কারণ জানাতে পারেননি। তবে বিকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ নামের একজন ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমরা সন্ত্রাসীদের সনাক্ত করার চেষ্টা করছি।" তিনি জানান, টেলিফোনে সন্ত্রাসীরা গার্মেন্টস কর্মকর্তাদের কাছে ওই চাঁদা দাবি করে হুমকি দেয় যে, তা দেওয়া না হলে তাদেরও নিরাপত্তা প্রহরীর মতো পরিণতি বরণ করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন জালাল সাংবাদিকদের জানান, তিনি নৈশপ্রহরী হিসেবে কারখানার গেটে দাঁড়িয়েছিলেন। ভোর ৬টার দিকে ৩/৪ জন যুবক গিয়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/