খুলনা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে খুলনা মহানগীর আটটি স্থানে ২৬ টাকা হালি মূল্যে ডিম বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।
খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "সরকার, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় সংগ্রাম পরিষদ এবং ডিম বিক্রিকারী সংস্থা 'পূর্ণিমার' যৌথ উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।"
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
যে সব স্থানে এ কার্যক্রম চালানো হবে, সেগুলো হলো- ৩৮ কেডিএ এভিনিউস্থ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়, ময়লা পোতা সান্ধ্য বাজারের সামনে, নিউ মার্কেট কাঁচা বাজার, গল্লামারী মুরগি বাজার, ডাকবাংলা মোড়, ডিসি অফিসের সামনে, রয়্যাল চত্বর এবং নিরালা কাঁচা বাজার।
সোহরাব হোসেন আরও জানান, যতদিন পর্যন্ত সাধারণ ক্রেতাদের চাহিদা থাকবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বর্তমানে খুলনায় প্রতি হালি ডিম ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৭১৪ ঘ.
bdnews24