২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ফরিদপুরে শুক্রবার ভোরে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত সঞ্জিত কুমার বিশ্বাস (৩২) একাধিক হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 06:10 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ফরিদপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে শুক্রবার ভোরে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত সঞ্জিত কুমার বিশ্বাস (৩২) একাধিক হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। ঢাকা-ফরিদপুর মহাসড়কের কোমরপুর আখ ক্রয় কেন্দ্রের পূর্ব পাশের একটি নির্মাণাধীন ভবনে 'বন্দুকযুদ্ধে' সঞ্জিত মারা যায় বলে র‌্যাব ও পুলিশ জানায়। র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "নির্মাণাধীন ওই ভবনে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে ভোরে র‌্যাব ও পুলিশের টহল দল বাড়িটি ঘিরে ফেলে। ওই সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাবও তাদের লক্ষ করে পাল্টা গুলি চালায়।" ২৫-৩০ মিনিট গোলাগুলির পর সঞ্জিতের লাশ ফেলে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে র‌্যাব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের পর সঞ্জিতের লাশ তার ভাই বুদ্ধিশ্বর বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যার অভিযোগে সঞ্জিতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।" ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার, একটি শটগান উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। সঞ্জিতের বাড়ি ফরিদপুর শহরের মুন্সীবাজার এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১২ ঘ.