চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসায়ীদের বার বার হাতবদলের কারণে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে প্রতিদিনই বাড়ছে চিনির দাম।
চট্টগ্রামের অন্যতম আমদানিকারক ও খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল বশর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে চিনির দাম একটু বাড়তির দিকে। তবে এর প্রভাবে দাম বেশি বাড়ার কথা নয়।"
খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ীরাও স্বীকার করেছেন, আমদানিকারকদের কাছ থেকে কেনার পর তা বেশ কয়েকবার হাতবদলের কারণে বাজারে এর প্রভাব পড়ছে।
চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত খাতুনগঞ্জে প্রতি মণ চিনি সকালে একদামে আবার বিকেলে আরেক দামে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ চিনির দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।
পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা কোন নির্দিষ্ট দামে ডিও ব্যবসায়ীদের কাছ থেকে চিনি কিনতে পারছেন না। এ কারণে খাতুনগঞ্জের চিনির বাজারে তৈরি হয়েছে অস্থিরতা।
বৃহস্পতিবার সকালে খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, আমদানি করা প্রতি মণ চিনির ডিও-এর দাম ছিলো ১৬৩০ থেকে ১৬৩৫ টাকা। বিকেলে তা ছিলো ১৬৫০ টাকা। পাইকারি ব্যবসায়ীরা আবার ১০ থেকে ২০ টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে এটা বিক্রি করে।
খাতুনগঞ্জের চিনির পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণে দাম ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। আর এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।"
তিনি আরও বলেন, "বুধবার প্রতি মণ চিনির ডিও এর দাম ছিলো ১৬৮০ টাকা। বৃহস্পতিবার সকালে দাম ৫০ টাকার মতো কমেছে। তবে বিকেলে তা আবারও বেড়েছে।"
মোহাম্মদ হোসেন আরও জানান, দাম পড়তির দিকে থাকলে বিক্রি কম হয়। এ কারণে সকালে খাতুনগঞ্জের বাজারে চিনি বিক্রি কমে যায়।
পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়ায় চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চিনির খুচরা দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা।
বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বাজারগুলোতে প্রতি কেজি চিনি মানভেদে বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। গত শুক্রবার এ দাম ছিল ৪৪ টাকা। সর্বশেষ রোববার ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে প্রতি কেজি চিনির খুচরা দাম ৪৪ টাকা পুর্ননির্ধারণ করা হয়।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানদার কবীর আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজার থেকে চিনি কেনার পর বাজারে আসতে খরচসহ প্রতি কেজিতে দাম পড়ে ৪৬ টাকার বেশি। আমরা এক থেকে দুই টাকা লাভে তা ক্রেতাদের কাছে বিক্রি করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/ ২২০০ ঘ.
bdnews24