২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটা তরল দুধের দাম কমানোর কথা ভাবছে কর্তৃপক্ষ

পরিচালন ঘাটতি (সিস্টেম লস) কমিয়ে প্যাকেটজাত তরল দুধ মিল্কভিটার দাম কমানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। লিটারপ্রতি অন্তত: দুই থেকে তিন টাকা পর্যন্ত দাম কমানো হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালন ঘাটতি (সিস্টেম লস) কমিয়ে প্যাকেটজাত তরল দুধ মিল্কভিটার দাম কমানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। লিটারপ্রতি অন্তত: দুই থেকে তিন টাকা পর্যন্ত দাম কমানো হতে পারে। দেশের বৃহত্তম দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মিল্ক ভিটার মহাব্যবস্থাপক আব্দুল বারিক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। বর্তমানে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধ মিল্কভিটার দাম ৪৫ টাকা ও আধ লিটারের দাম ২৪ টাকা। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাসিক বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় আব্দুল বারিক বলেন, "বর্তমানে মিল্ক ভিটার পরিচালন ঘাটতি কমিয়ে আনতে কর্তৃপক্ষ চেষ্টা করছে। ঘাটতি কমানো সম্ভব হলেই মিল্ক ভিটার প্যাকেটজাত তরল দুধের বাজার মূল্য কমিয়ে আনা সম্ভব হবে। এক্ষেত্রে লিটারপ্রতি অন্ততঃ দুই থেকে তিন টাকা পর্যন্ত মূল্য কমানো সম্ভব হবে।" রমজান মাসের বর্ধিত চাহিদা মেটাতে মিল্ক ভিটার কারখানাগুলোতে দুই পালা চালু করে প্রতিদিন তিন লাখ লিটার প্যাকেটজাত তরল দুধ উৎপাদন করা হচ্ছে জানিয়ে বারিক বলেন, "এ উৎপাদন এর আগে সর্বোচ্চ এক লাখ ৭০ হাজার লিটার ছিল।" উৎপাদন ব্যয় কমিয়ে আনতে দুধ উৎপাদনকারী অঞ্চলভিত্তিক প্ল্যান্ট স্থাপনের কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। সভায় বলা হয়, মিল্ক ভিটার অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধ এবং এ সমবায় সমিতিকে আরো কার্যকর করতে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। তারা প্রতিষ্ঠানটিকে কিভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর ও লাভজনক করতে পদক্ষেপ নেবে। সভায় উত্তরাঞ্চলের মঙ্গাপ্রবণ জেলাগুলোর বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও প্রধানমন্ত্রী ঘোষিত 'একটি বাড়ী একটি খামার' প্রকল্পের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। এতে জানানো হয়, 'একটি বাড়ী একটি খামার' প্রকল্পের পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরীর কাজ শেষ হয়েছে। শিগগিরই এটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও সমবায় বিভাগের সচিব সমর চন্দ্র পালসহ এর অধীনস্থ সংস্থার প্রধান ও এর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/২০১০ঘ.