ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকা ভবনে সংঘর্ষ ও ভাংচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন কাজী ফারুক আহমেদ।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ বৃহস্পতিবার তাকে আগাম জামিন দেন।
গত ২ আগস্ট দায়ের করা এ মামলায় হাইকোর্ট প্রশিকার সাবেক চেয়ারম্যান ফারুকের পাশাপাশি আরও ১৪ জনকে জামিন দিয়েছেন।
আদালতে ফারুকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
গত ১ আগস্ট কাজী ফারুক প্রশিকা ভবনে ঢোকার চেষ্টা করলে বর্তমান কর্মীরা বাধা দেয়। এ নিয়ে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় ওই ভবনে সংঘর্ষ ও ভাংচুর হয়।
পরদিন প্রশিকার কর্মকর্তা শামসুল ইসলাম বাদি হয়ে পল্লবী থানায় কাজী ফারুকের বিরুদ্ধে মামলা করেন।
বেসরকারি এ প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ আসার পর গত ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গঠিত হয় নতুন পরিচালনা পর্যদ।
তবে কাজী ফারুকের আবেদনে হাইকোর্ট গত ১১ আগস্ট জানায়, তিনি প্রশিকা কার্যালয়ে যেতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬০০ ঘ.
bdnews24