২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে উদ্বোধন হল নজরুল কমপ্লেক্স

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি প্রাঙ্গণে নজরুল কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল ৭টার দিকে কবির সমাধিতে ফুলও দেন। ফুল দেওয়ার পর নজরুল কমপ্লেক্স ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:01 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি প্রাঙ্গণে নজরুল কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল ৭টার দিকে কবির সমাধিতে ফুলও দেন। ফুল দেওয়ার পর নজরুল কমপ্লেক্স ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য অধ্যাপক হারুণ অর রশিদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রক্টর সাইফুল ইসলাম খান, কবির নাতনী খিলখিল কাজী প্রমুখ। আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "এ কমপ্লেক্স উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্ম নজরুল সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।" প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং এরপর খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপি নেতারা কবির সমাধিতে ফুল দেন। এরপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক মোর্চা, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দেন। এর পরপরই উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফুল দেয়। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম। এর বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন জাতীয় কবির সমাধিতে ফুল দেন। দিবসটি পালনে ঢাকাসহ দেশব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমীর সেমিনার কক্ষে সকাল ১১টায় 'উপনিবেশবাদ-বিরোধী কবিতা ও নজরুল ইসলাম' শীর্ষক আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নজরুল একাডেমি বিকেল সাড়ে চারটায় মগবাজারের একাডেমি ভবনে মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা সন অনুযায়ী বৃহস্পতিবার পালিত হচ্ছে দ্রোহ ও প্রেমের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী। বঙ্গাব্দ ১৩৮৩ 'র ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) তিনি ঢাকায় মারা যান। নজরুল বাংলা কবিতায় ও গানে প্রথম শব্দ ও সুরের আগুন ছড়িয়ে দেন। ১৯২২ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। ব্রিটিশ রাজের ভিত কেঁপে উঠেছিল তার অগ্নিগর্ভ কবিতার বর্জনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয়েছে তাকে। নিষিদ্ধ করা হয় তার কয়েকটি বই। ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ কমই বুঝেছেন। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যেরও সাধনা করে গেছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। অন্যান্য সাহিত্যচর্চার পাশাপাশি সঙ্গীতেও সমৃদ্ধ করেছেন তিনি বাংলা সংস্কৃতিকে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি তৈরি করেছেন তার কোনও তুলনা নেই। মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকার সম্পাদনাও করেছেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই বৈচিত্র্যপিয়াসী কবি। আরো অনেক অমিত প্রতিভাবানের মতোই অনিয়ন্ত্রিত ছিল কবির জীবনাচরণ। তাছাড়া প্রতিভা আর খ্যাতির তুঙ্গে উঠলেও সময়ে সময়ে তীব্র দারিদ্র সইতে হয়েছে। এ দুটির ফলশ্র"তিতে চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি পর্যন্ত হারান তিনি। বন্ধ হয়ে যায় লেখনী। এ সময় তিনি ছিলেন কলকাতায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডিলিট' উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের। জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/এফএফ/এমআই/১২০০ ঘ.