ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিকাস কিউরিয়াদের মতামতের তৃতীয় দিনের শুনানি বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে।
ব্যারিস্টার আমীর উল ইসলাম সকালে তার অবশিষ্ট বক্তব্য উপস্থাপন শুরু করেন। তিনি বুধবার বক্তব্য শুরু করেন।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে।
এর আগে তিন এমিকাস কিউরিয়া টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক তাদের মতামত তুলে ধরেন।
এম মধ্যে মাহবুবউদ্দিন ও রফিক উল হক বলেছেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান।
অপর এমিকাস কিউরিয়া কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের মতামত জানাবেন।
মঙ্গলবার শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন।
ব্যারিস্টার আমীর বুধবার বলেন, "বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা পিতা হত্যার বিচার চায়।"
তিনি বলেন, "এ পর্যন্ত একুশটি বিদ্রোহ দেখেছি। এসবের বিচারও হয়েছে সেনা আইনে। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু সত্য উদ্ঘাটিত হয়নি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার পেছনের সত্য উদ্ঘাটিত হয়নি। বিদ্রোহের বিচার মূল কথা নয়। সুষ্ঠু বিচার না হলে এ ধরনের প্রশ্ন থেকে যাবে।"
মাহবুবউদ্দিন বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করে বিদ্রোহী জওয়ানদের বিচার সেনা আইনে করতে পারে।
এক্ষেত্রে সরকারকে দুটি প্রজ্ঞাপন জারি করতে হবে বলে তিনি জানান। একটির মাধ্যমে বিদ্রোহীদের বিচার প্রক্রিয়া সেনা আইনে আনতে হবে। অপরটির মাধ্যমে তাদের ওপর বিডিআর আইনের কার্যকারিতা স্থগিত করতে হবে।
তবে তবে এক্ষেত্রে সংবিধানের ৩৫ অনুচ্ছেদ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন মাহবুবউদ্দিন।
"কারণ ওই অনুচ্ছেদে বলা আছে, অপরাধ সংঘটিত হওয়ার ঘটনার দিন যে আইন কার্যকর ছিল, সে আইনেই অভিযুক্তদের বিচার হবে", বলেন তিনি।
এর আগে অপর এমিকাস কিউরিয়া রফিক উল হক বলেন, "প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে বিচার করা সম্ভব।"
এর পক্ষে যুক্ত তুলে ধরে তিনি বলেন, "বিডিআরের মহাপরিচালক সেনাবাহিনী থেকে আসেন, বিডিআরের মধ্য থেকে নয়। বিডিআর সদস্যরা মহাপরিচালকের অধীন। মহাপরিচালক আবার সেনা আইনের অধীনে। তাই বিদ্রোহীদের বিচার সেনা আইনে করা যায়।"
তবে সেনা আইনে বিচার করতে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে বলে জানান তিনি।
এ শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরিয়া নিয়োগ করে।
রাষ্ট্রপতি মো. জিল
bdnews24