গাজীপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের তারগাছ এলাকা থেকে বুধবার বিকেলে হুইল পাউডার তৈরির সন্ধান পেয়েছে পুলিশ। এখান থেকে বিপুল পরিমাণ নকল হুইল পাউডারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- কুষ্টিয়ার মোহাম্মদপুর উপজেলার সিংহডাঙ্গা এলাকার জাহাঙ্গীর (৩২), লক্ষ্মীপুরের চরলরেন্স এলাকার নূরে আলম (৩৫), নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মঞ্জু (১৯) এবং বেগমগঞ্জ উপজেলার মীর আহম্মেদপুর এলাকার আব্দুল মতিন (২০)।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে সাড়ে সাত শ' কেজি নকল হুইল পাউডার, খালি প্যাকেট, রাসায়নিক, সিল এবং হুইল পাউডার তৈরির মেশিন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মদনমোহন বণিক জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ সদর উপজেলার তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে হুইল পাইডার তৈরির কারখানার সন্ধান পায়। এসব মালামাল জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24