২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১০৫টি মামলা তুলে নেওয়ার সুপারিশ

'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ১০৫টি মামলা প্রত্যাহার করছে সরকার। এর মধ্যে বিএনপি নেতা মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাও রয়েছে। মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ষষ্ঠ বৈঠকে বুধবার এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ১০৫টি মামলা প্রত্যাহার করছে সরকার। এর মধ্যে বিএনপি নেতা মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাও রয়েছে। মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ষষ্ঠ বৈঠকে বুধবার এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিদেশি মদ রাখার অভিযোগে সাবেক আইনমন্ত্রী মওদুদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "এই মামলাটি আমাদের কাছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে বিবেচিত হওয়ায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছি।" এছাড়া এখন পর্যন্ত আর কোনও বিএনপি নেতার মামলা প্রত্যাহারের আবেদন আসেনি বলে জানান আইন প্রতিমন্ত্রী। এ নিয়ে কমিটি ছয় দফায় মোট ৪৫৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর অধিকাংশই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা। বুধবারের বৈঠকে মোট ২৮৮টি মামলা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দণ্ডবিধির ২৪৬ টি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৪২টি। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১৬টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে । প্রত্যাহার যোগ্য নয় বলে সুপারিশ করা হয়েছে আরও ১৬টি মামলা। পরবর্তী সভায় আলোচনা করার জন্য রাখা হয়েছে ১০টি মামলা। প্রতিমন্ত্রী আরও জানান, দণ্ডবিধির ২৪৬টির মধ্যে ৮৯টি প্রত্যাহার যোগ্য বাকি ৩৪টি মামলা নামঞ্জুর করা হয়েছে এবং ১২৩টি মামলা পর্যালোচনার জন্য রাখা হয়েছে। গত ১২ জুলাই (সোমবার) মামলা প্রত্যাহারের আবেদন করার শেষ সময় ছিল। বুধবার প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, শওকত আলী, আব্দুল জলিল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আবু সাইয়িদ, আব্দুল মান্নান, কামাল আহমেদ মজুমদার, আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), আব্দুর রহমান বদি ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৩৫ ঘ.