পটুয়াখালী, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম)- পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মঙ্গলবার গভীর রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একদল সন্ত্রাসী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
নিহত যুবকের নাম আব্বাস (২২)।
কুয়াকাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী আব্বাসকে কুয়াকাটার হুইসেন পাড়ার ইকো পার্ক সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তিনি বলেন, "চিৎকার শুনে এলাকাবাসী আব্বাসকে উদ্ধার করে মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।"
ময়না তদন্তের জন্য পুলিশ বুধবার সকালে তার লাশ পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
এসআই আনিসুর আরও জানান, মোবাইল চুরির এক ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার একদল সন্ত্রাসীর সঙ্গে আব্বাসের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৬৪৭ ঘ.
bdnews24