ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিট শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র প্রধান কার্যালয়ে মঙ্গলবার রাতে চুরি হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া এলাকায় বিকেএমইএর প্রধান কার্যালয়।
বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোররা কার্যালয়ের ভল্ট (সিন্দুক) ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে।"
কোনও কাগজপত্র খোয়া গেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
চাষাড়ায় বঙ্গবন্ধু সড়কে চারতলা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা নিয়ে বিকেএমইএ কার্যালয়।
বিকেএমইএ'র দপ্তর সম্পাদক সুলভ চৌধুরী বলেন, "দোতলার জানালের গ্রিল কেটে চোররা ঢুকেছিল।"
চুরির ঘটনায় সুলভ বাদি হয়ে থানায় একটি মামলাও করেছেন।
ফজলুল হক বলেন, "ঈদের আগে শহরের কেন্দ্রস্থলে এ ধরনের চুরিতে আমরা উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24