চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ৪০ রাউন্ড স্বয়ংক্রিয় রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বোয়ালখালী থানার একটি মামলায় নগরীর আদালত ভবন এলাকা থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়। সে শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
র্যাবের স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন থেকে পলাতক মোবারককে আদালত ভবন চত্বর থেকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাবের অন্য একটি দল রাউজান থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জনৈকা কুলসুমা খাতুনের (২৫) বাড়ি থেকে ৪০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
কুলসুমাকে অবৈধ গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
মোবারকের গ্রামের বাড়িও দক্ষিণ নোয়াপাড়ায়।
র্যাব কর্মকর্তা মিজান জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/১৯৩৩ঘ.
bdnews24