২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুস্থদের মাঝে নিম্নমানের চাল বিতরণ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুটি ইউনিয়নে দুস্থদের খাদ্য সহায়তা-ভিজিএফ কর্মসূচির আওতায় স্যাঁতস্যাঁতে, দুর্গন্ধযুক্ত ও বিবর্ণ চাল বিতরণের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কুড়িগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুটি ইউনিয়নে দুস্থদের খাদ্য সহায়তা-ভিজিএফ কর্মসূচির আওতায় স্যাঁতস্যাঁতে, দুর্গন্ধযুক্ত ও বিবর্ণ চাল বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার রমনা ও রাণীগঞ্জ ইউনিয়নে চাল বিতরণের সময় কার্ডধারীরা চাল নিতে অস্বীকৃতি জানিয়ে হৈ চৈ শুরু করেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে ছুটে যান। তারা চাল বিতরণ বন্ধ ও বিতরণকৃত চাল ফেরৎ নেওয়ার ব্যবস্থা করার পর পরিস্থিতি শান্ত হয়। রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাংবাদিকদের বলেন, তার ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চাল সোমবার চিলমারীর বালাবাড়ি সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। মঙ্গলবার সকালে এ চাল বিতরণ শুরু করলে কিছু কিছু বস্তার মধ্যে স্যাঁতস্যাঁতে, হলদেটে ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়া যায়। কার্ডধারীরা এ চাল নিতে অস্বীকৃতি জানিয়ে হৈ চৈ শুরু করেন। তিনি জানান, খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শওকত আলী ও ইউএনও এনামুল হক ঘটনাস্থলে আসেন। তারা চাল বিতরণ না করার নির্দেশ দেন। নিম্নমানের পাঁচ বস্তা চাল বিতরণ না করে আলাদা করে রাখা হয়েছে বলে চেয়ারম্যান জানান। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, তারা ছয় বস্তা চাল খারাপ পেলেও ভাল চালের সঙ্গে মিশিয়ে বিতরণ করেছেন। গুদাম থেকে দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের কথা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বলেন, এ ধরনের চাল যেখানেই পাওয়া যাক না কেন তা বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন তারা। কুড়িগ্রাম খাদ্য বিভাগ জানায়, জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এ মাসে ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার ১৬৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার চারশ' মেট্রিক টন চাল গত বছরের বোরো মৌসুমে সংগৃহিত। খাদ্য বিভাগ জানায়, চিলমারী উপজেলায় চলতি মাসে ২৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০ মেট্রিক টন চাল পুরনো। গত বোরো মৌসুমের সংগৃহিত চাল দীর্ঘদিন ধরে গুদামবন্দি থাকায় বেশিরভাগ চালের গুণগত মান নষ্ট হয়ে গেছে। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর ছিদ্দিক দাবি করেন, এসব চাল পুরনো হলেও এখনও খাবার অনুপোযোগী হয়নি। শুধু রঙের কিছুটা পরিবর্তন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.