২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হাসপাতাল থেকে মা-ছেলের লাশ উদ্ধার

নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে এক মা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুডহিল নামের এ হাসপাতালের রেজিস্টারে তাদের ঠিকানায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাজিতপুর দেখানো হয়। পুলিশ জানায় ঠিকানাটি সঠিক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

নোয়াখালী, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে এক মা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুডহিল নামের এ হাসপাতালের রেজিস্টারে তাদের ঠিকানায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাজিতপুর দেখানো হয়। পুলিশ জানায় ঠিকানাটি সঠিক নয়। হাসপাতালের সেবিকা সালমা সাংবাদিকদের জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় মোরশেদ আলম (৪৭) নামের এক ব্যক্তি পিতা পরিচয় দিয়ে আড়াই বছরের শিশু আপনকে ৪০৭ নম্বর কেবিনে ভর্তি করান। ভর্তির সময় শিশুটির শ্বাসকষ্ট ছিল। রেজিস্টারে মায়ের কোনো নাম লেখা হয়নি। সালমা জানান, রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রোগী দেখতে কেবিনে যেতে চাইলে শিশুটি ঘুমাচ্ছে বলে তার বাবা চিকিৎসককে ভেতরে যেতে নিষেধ করেন। এরপর রাতে আর কেউ কেবিনে যায়নি। সকাল ৮টার দিকে একবার তিনি এসে ভেতর থেকে কেবিনের দরজা বন্ধ দেখেন। এরপর ১০টার দিকে আবার আসেন। তখনও বন্ধ দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। বেলা ১২টার দিকে কর্তৃপক্ষ নিজেদের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে মা ও শিশুর লাশ দেখতে পান। সুধারাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'' নিহত মায়ের গলায় ও বুকে লালচে লাগ দেখা গেছে। এ ব্যাপারে গুডহিল হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুল হাই বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান। নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাজারী বলেন, বাবা পরিচয়দানকারী মোরশেদ আলম এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.