২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোম্পানিকে গ্যাস ব্লক ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি

সমুদ্রবক্ষের তিনটি গ্যাস ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করে তা বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং বাম সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রবক্ষের তিনটি গ্যাস ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করে তা বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং বাম সংগঠনগুলো। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধানে এর অংশীদারিত্ব নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলো এ প্রতিবাদ জানায়। সোমবার সরকার জাতীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে দুইটি বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবিলম্বে সমুদ্রসীমা চিহ্নিত করে প্রাপ্য ব্লকের ওপর বাংলাদেশের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিবৃতি দেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব। এদিকে গণতান্ত্রিক বাম মোর্চা বিদেশী কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিকালে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে। মোর্চার সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাইফুল হক, বদরুল আলম, আব্দুস সালাম, নজরুল ইসলাম, হামিদুল হক, রাজেকুজ্জামান রতন, মহিউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। এছাড়া তোপখানা রোডের কাছে বাসদ বিক্ষোভ সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২০১৩ঘ.