ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে মানব সম্পদ পাচার রোধে অভিবাসন ব্যয় কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।
এ অঙ্ক ৩৮ থেকে ৪০ হাজারে কমিয়ে আনার ইঙ্গিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে আটক ১৭৫ বাংলাদেশী দেশে ফেরার একদিন পর মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক শ্রম সংস্থা (আএলও), রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে অভিবাসন ব্যয় অর্ধেকেরও নিচে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।"
তিনি বলেন, "বর্তমানে অভিবাসন ব্যয় হিসেবে ৮৪ হাজার টাকা নির্ধারিত রয়েছে। তা ৩৮-৪০ হাজার এর মধ্যে নামিয়ে আনার কথা ভাবছি আমরা।"
শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মোশাররফ জানান।
তিনি আশাবাদী, অভিবাসন ব্যয় কমলে মানবসম্পদ পাচার কমে যাবে।
ভারত মহাসগরের আন্দামান দ্বীপপুঞ্জে ১৭৫ বাংলাদেশী আটকের প্রসঙ্গে মোশাররফ বলেন, "একটি গোষ্ঠি অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত। এরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অল্প টাকায় বিদেশ পাঠানোর কথা বলে পাচার করে দেয়।"
কাজের সন্ধানে দালালদের মাধ্যমে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যাওয়ার পথে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমার ও বাংলাদেশের ৪৪৮ জন নাগরিককে থাইল্যান্ড নৌ সদস্যরা আটক করে।
পরে তাদের ছয়টি নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলে কিছু নৌকা আন্দামানে ভেড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24