ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ১৯৭২ সালের মূল্যে পরিত্যক্ত বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিং-এ আবুল কালাম আজাদ বলেন, "১৫৪টি পরিত্যক্ত বাড়ি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে।
"এগুলো ১৯৭২ সালের জমির মূল্যেই তাদের কাছে দেওয়া হবে। সমসাময়িক বাজারমূল্যে নয়।"
তিনি জানান, বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সৌরশক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব (সিএফএল) এর ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপন ও সিএফএল বাল্ব ব্যবহার করতে বলা হয়েছে।"
এছাড়া সকল প্রতিষ্ঠানে দিনে কমপক্ষে এক ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ( এসি) বন্ধ রাখতে বলা হয়েছে বলেও তিনি জানান।
আজাদ জানান, জাপানসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে বৈঠকে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত শার্ট-প্যান্ট পড়ে অফিস করার বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলে এসির কম ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।
আবুল কালাম আজাদ আরও জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।
তিনি বলেন, এর আগে ট্রাস্ট ফান্ডের স্টিয়ারিং কমিটি ছিল। এখন এর বদলে থাকবে ট্রাস্ট ও কারিগরি কমিটি। পরিবেশমন্ত্রী এর চেয়ারম্যান থাকবেন।
বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (সংশোধন) আইন-২০০৯ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ আইনের আওতায় বোর্ডে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য থাকবেন। আগে একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য ছিলেন।
বৈঠকে বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক বিমান, নৌ ও স্থল বন্দর সমুহে ব্যক্তি মালিকানায় শুল্ক মুক্ত বিপনিবিতান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতিমধ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তি মালিকানায় এ রকম জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ।
আজাদ জানান, ১৯৮৫ সালে এ রকম শুল্কমুক্ত বিপনিবিতান ছিল। তবে তা ছিল পর্যটন
করপোরেশনের আওতায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এসএইচ/১৭১৮ ঘ.
bdnews24