ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সদরদপ্তর ঢাকা থেকে নারায়ণগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।
তথ্য অধিদপ্তরে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, "১৯৭৯ সালে মন্ত্রীসভার এক বৈঠকে বিআইডব্লিউটিএ-এর সদর দপ্তর বরিশালে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে এর আংশিক কাজও শুরু হয়। তবে এরপর আর এ নিয়ে কোন কাজ হয়নি। আজ (সোমবার) বৈঠকে এটি নারায়ণগঞ্জে স্থানান্তর করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এইচএ/১৬১৬ ঘ.
bdnews24