২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলা: জামিন কেন বাতিল হবে না ব্যাখ্যা চেয়েছে আদালত

২১ আগস্টের গ্রেনেড হামলার বিস্ফোরক মামলায় জামিনে থাকা দুই আসামির জামিন কেন বাতিল করা হবেনা সে বিষয়ে আগামী ৩০ আগস্টের মধ্যে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত। সোমবার দুপুর পৌনে তিনটায় ঢাকার ১ নং মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। (তারিখের সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার বিস্ফোরক মামলায় জামিনে থাকা দুই আসামির জামিন কেন বাতিল করা হবেনা সে বিষয়ে আগামী ৩০ আগস্টের মধ্যে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত। সোমবার দুপুর পৌনে তিনটায় ঢাকার ১ নং মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। (তারিখের সংশোধনীসহ) রোববার ২১ আগস্টের গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরকের দুই মামলায় অভিযুক্ত আরিফ হাসান সুমন এবং মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন করে। ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন তাদের জামিন মঞ্জুর করেছিলেন। সোমবার জামিন বাতিলের আবেদন শুনানির শুরুতে বিচারক রাষ্ট্র্রপক্ষের আইনজীবীদের জিজ্ঞেস করেন, "আপনারা কেন জামিন বাতিল চেয়েছেন?" রাষ্ট্রপক্ষের নিয়োজিত প্রধান পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, "এ দুই আসামির জামিন বাতিল না হলে তারা মামলার সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে, সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিতে পারে এবং গ্রেনেড হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বিপন্ন করে তুলতে পারে।" রেজাউর রহমান আরও জানান, আরিফ হাসান সুমন নিজের নাম পরিচয় গোপন করে অন্য নামে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জাল সদনপত্রসহ দুটি পাসপোর্ট সংগ্রহ করেছে। শুনানি শেষে বিচারক সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো এবং মহিবুল্লাহর আইনজীবী লুৎফর রহমান শেখকে এজলাসের কাছে ডেকে এনে আদেশ পড়ে শোনান। এ সময় মহিবুল্লাহ ও সুমনসহ কারাগারে থাকা সব আসামিকে আদালতে হাজির করা হয়। এদিকে ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে হত্যা মামলায় একই আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে আগামী ৩০ আগস্ট। গত ৩ আগস্ট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুইটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। পুলিশের মহা পরিদর্শককে (আইজি) অধিকতর তদন্ত শেষে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন বিচারক। নির্ধারিত বিচারের সময়সীমা ১৩৫ কার্যদিবস পার হয়ে যাবে বলে গত ১৬ আগস্ট বিচারক মাসদার হোসেন এই দুই মামলা আগের বিচারিক আদালতে বদলির আদেশ দেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এএল/এসকে/২৩৪৬ঘ.