ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজকে মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা আবেদনের শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার এ আবেদনটির ওপর আদেশ দেবে আপিল বিভাগ। এদিন তার জামিন স্থগিতের আবেদনের ওপরও আদেশ দেওয়া হবে।
সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আদেশের এই দিন ধার্য করে।
রোববার শাহজাহান সিরাজকে মুক্তি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ পর মুহূর্তেই আবার স্থগিত করা হয়। হাইকোর্ট ওইদিন দুপুর ১টায় শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেয়। এরপর সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের ওই আদেশের ওপর এক দিনের স্থগিতাদেশ দেন।
সরকার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শাহজাহান সিরাজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
দুটি মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত।
এছাড়া সম্পদের তথ্য গোপন মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল শাহজাহান সিরাজের ১৩ বছর সাজা হয়। এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৪১০ ঘ.
bdnews24