২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টও বললো সাঈদী বিদেশ যেতে পারবেন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ দেলোয়ার হোসাইন সাঈদীকে বিদেশ যেতে অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারের করা আবেদন খারিজ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ দেলোয়ার হোসাইন সাঈদীকে বিদেশ যেতে অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারের করা আবেদন খারিজ করে দেয়। আদেশের পর সাঈদীর কৌসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের আবেদন খারিজ হওয়ায় সাঈদীর বিদেশ যেতে আর কোনো বাধা নেই।" গত ১২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সাঈদীর বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের বাধা দেওয়ার কার্যক্রমকে অবৈধ বলে রায় দেয়। এরপর হাইকোর্টের ওই রায় আড়াই ঘণ্টার মধ্যেই স্থগিত করে আপিল বিভাগ। সাঈদীকে বিদেশ যেতে বাধা দেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে তা জানাতে গত ২ আগস্ট সরকারকে নির্দেশ দেয় আদালত। গত ২৪ জুলাই চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার সময় সাঈদীকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা বাধা দেন। বিদেশ যেতে বাধা দেওয়ায় সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ২৭ জুলাই সাঈদী রিট দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৩৪০ ঘ.