ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ দেলোয়ার হোসাইন সাঈদীকে ৬ মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি এম এম ইমদাদুল হকের বেঞ্চ সাঈদীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত ১৯ আগস্ট সাইদী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
আবেদনটির ওপর শুনানির সময় সাঈদী আদালতে উপস্থিত ছিলেন।
সাঈদীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবেনা তার কারণ জানাতেও সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
আদালত রুলটির ওপর শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছে।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে গত ১২ আগস্ট পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার চিথলিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজুদ্দিন পশারীর ছেলে মালিক পশারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এইচএ/১২১০ ঘ.
bdnews24