চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে কয়েক তরুণীসহ এক ফ্ল্যাট থেকে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. ফয়েজ আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ওদিকে অনির্দিষ্ট সময়ের জন্য বিভাগে আসবেন না বলে রোববার টেলিফোনে জানিয়েছেন ওই শিক্ষক।
পুলিশ গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডের কনকর্ড টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ তরুণীসহ ওই শিক্ষককে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। শুক্রবার তিনি জামিনে মুক্তি পান।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফয়েজ আহমেদ রোববার বিভাগে আসেননি। এক অফিস সহকারীকে ফোন করে জানিয়েছেন, আগামী একমাস তিনি বিভাগে আসবেন না। পরে আসবেন কি না তাও তিনি ফোনে জানাবেন বলে ওই সহকারীকে জানান।
বিভাগীয় সভাপতি বলেন, "বিভাগে না আসার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ফয়েজ আহমেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, পত্রিকায় ফয়েজ আহমেদের গ্রেপ্তার নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা প্রমাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।
উপ-উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুসন্ধানে ফয়েজ আহমেদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও গ্রেপ্তার হওয়ার অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি হারাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এজে/এসকে/১৭৩৪ঘ.
bdnews24